পাসওয়ার্ড ভুলে যাওয়া বা মোবাইল হারিয়ে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারা অনেকের জন্যই বড় সমস্যার কারণ। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়া আরও সহজ করতে নতুন একটি নিরাপত্তা সুবিধা চালু করেছে গুগল। এর নাম ‘সেলফি ভিডিও’।
এতদিন গুগল অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ব্যাকআপ কোড, নিরাপত্তা প্রশ্ন বা অন্যান্য যাচাইকরণ পদ্ধতির ওপর নির্ভর করতে হতো।
নতুন ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা আগে থেকে একটি ছোট সেলফি ভিডিও সংরক্ষণ করতে পারবেন। ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে গেলে বা নতুন ডিভাইসে লগইন করতে সমস্যা হলে আবার একটি নতুন সেলফি ভিডিও ধারণ করে জমা দিলেই হবে।
গুগলের প্রযুক্তি দুটি ভিডিও মিলিয়ে নিশ্চিত করবে, উভয় ক্ষেত্রেই একই ব্যক্তি রয়েছেন কি না। পরিচয় মিললে ব্যবহারকারী সহজেই নিজের অ্যাকাউন্টে প্রবেশাধিকার ফিরে পাবেন।
অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, এই ভিডিও নিরাপদ থাকবে তো? গুগলের দাবি, সেলফি ভিডিওগুলো এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ করা হবে, ফলে অননুমোদিতভাবে ফাঁস হওয়ার আশঙ্কা নেই।
পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় ভিডিওটি মুছে ফেলতে পারবেন। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া এই ভিডিও অন্য কোনো কাজে ব্যবহার করা হবে না।
সেলফি ভিডিও সেটআপ করতে প্রথমে গুগল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে Security বিভাগে প্রবেশ করতে হবে। এরপর Sign-in and Security অপশনে গিয়ে Selfie Video নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করতে হবে।
ভিডিও ধারণের সময় ক্যামেরার দিকে তাকিয়ে নির্দেশনা অনুযায়ী মাথা সামান্য নড়াতে হবে। বিভিন্ন কোণ থেকে মুখ ধারণ করা হলে ভবিষ্যতে পরিচয় যাচাই আরও নির্ভুলভাবে সম্পন্ন হবে।
সময়ের আলো/এমকে