ফখরুল রাষ্ট্রপতি হলে ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

সাব্বির আহমেদ

জাতীয়

নতুন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য ব্যক্তিদের মধ্যে জোরালোভাবে শোনা যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

2026-07-26T01:26:30+00:00
2026-07-26T01:26:30+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
জাতীয়
ফখরুল রাষ্ট্রপতি হলে ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
সাব্বির আহমেদ
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:২৬ এএম 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
নতুন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য ব্যক্তিদের মধ্যে জোরালোভাবে শোনা যাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেতে পারেন দলের বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের দ্বিতীয় শীর্ষ এ গুরুত্বপূর্ণ দায়িত্বটি তার কাঁধেই আসতে পারে জানিয়েছে বিএনপির নির্ভরযোগ্য সূত্র।

‘গুরুতর অসুস্থতার’ কথা জানিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তিন বছর তিন মাস কাটিয়ে মেয়াদপূর্তির আগেই বিদায় নেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, সেই আলোচনা দুদিন ধরে তুঙ্গে। রাজনীতিসহ সব মহলে নতুন রাষ্ট্রপতি নিয়ে কৌতূহল বাড়ছে। সেই আলোচনায় আসছে বিএনপির সিনিয়র নেতাসহ আমলা ও শিক্ষকদেরও নাম।

সরকারি দল বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা বলেছেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন, এটি শুধু দলের হাইকমান্ড অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানই চূড়ান্তভাবে বলতে পারবেন। তবে অনেকে ধারণা করছেন সিনিয়র কয়েকজন নেতা থেকেই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক সদস্য সময়ের আলোকে বলেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন, তা শিগগিরই দলীয় ফোরামে আলোচনা হবে। এরপর প্রার্থী বেশি হলে নির্বাচন হবে। কিছুটা সময় তো লাগবেই।
২৩তম রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় আছেন যারা : এ তালিকায় আছেন- জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খান।

বিএনপির বিভিন্ন সারির নেতারা বলছেন, রাষ্ট্রপতি পদে দল কাকে মনোনয়ন দেবে, সেই সিদ্ধান্ত পুরোপুরিই বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্ভর করছে। দলটির জ্যেষ্ঠ নেতৃত্ব পর্যায়ে অভিমত, যিনি দলের প্রতি বিশ্বস্ত, দলের নীতি-আদর্শ-দর্শন ধারণ করেন, রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংকটে পরিস্থিতি সামাল দিতে সক্ষম- রাষ্ট্রপতি হিসেবে এমন ব্যক্তিকেই বেছে নেওয়া উচিত। 


দলের মহাসচিব মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি হয়েছেন সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, পরে পূর্ণমন্ত্রী। এক দশকের বেশি সময় ধরে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব। এখন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। এ দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে করা হয়েছিল ১১১টি মামলা। কারাগারে যেতে হয়েছে ১১ বার। প্রায় সাড়ে তিন বছর বন্দি ছিলেন। এসব বিবেচনায় জোর আলোচনায় রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুলের নাম। তিনি রাষ্ট্রপতি হলে বিএনপির গুরুদায়িত্ব পেতে পারেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ প্রসঙ্গে রিজভী সময়ের আলোকে বলেন, আগে থেকে তো কিছু বলা যাবে না। দল দায়িত্ব দিলে তখন বলা যাবে, তাৎক্ষণিক চিন্তা করে কী করব। এত আগে তো বলা মুশকিল। দেখা যাক, সামনে কী হয়।

রিজভী বলেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। যথাসময়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা হবে।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামানের কাছে জানতে চাওয়া হয়, কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? তিনি বলেন, সংবিধানের ১২৩ এর (২) অনুচ্ছেদ অনুসারে পদত্যাগের মধ্যে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ২৪ অক্টোবর পর্যন্ত সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে; আশা করি সেই অধিবেশনে এটি করা সম্ভব হবে। সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে ১৫ জুলাই। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। সে হিসেবে সেপ্টেম্বরে পরবর্তী অধিবেশন বসবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ফখরুল  রাষ্ট্রপতি  ভারপ্রাপ্ত মহাসচিব  রিজভী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: