নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা না বললেও এবার প্রথম প্রেম প্রকাশ্যে আনলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় এক সাক্ষাৎকারে জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প জানালেন এই তারকা। অনুষ্ঠানে শাকিব খান জানান, একসময় গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন। দুজনের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি না পেলেও সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি যে এখনও তার মনে দাগ কেটে আছে।
শাকিব খান বলেন, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মধ্যে একা বসে ভাবি আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’ শাকিবের এমন আবেগঘন স্বীকারোক্তির পর অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে তিনি এখনও মিস করেন কি না এবং সম্পর্কটি নিয়ে তার কোনো অনুতাপ আছে কি না।
জবাবে শাকিব বলেন, ‘আমি এখনও তাকে মিস করি। মাঝেমধ্যেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এ রকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এ রকম হয়ে যায়।’ এরপর শাকিবকে প্রশ্ন করা হয়, সেই তরুণী যদি আবার কখনো তার জীবনে ফিরে আসে তা হলে তিনি তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে ঢালিউডের এই জনপ্রিয় নায়ক বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই সে অনেক ভালো থাকুক।’ শাকিব খানের এই বক্তব্যে স্পষ্ট, জীবনের পথ অনেক দূর এগিয়ে গেলেও অতীতের সেই সম্পর্কের স্মৃতি এখনও তার মনে বিশেষ জায়গা দখল করে আছে।
সময়ের আলো/এসএকে