সিরিয়ার পূর্বাঞ্চল থেকে রাজধানী দামেস্কগামী মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দেশটির দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কের আল-সুখনাহ ও ঐতিহাসিক শহর পালমিরার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানী দামেস্কের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় কবলিত দুটি বাসের একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA) জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে নেওয়া হয়। এ কাজে কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।
দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।
এর আগে গত বছরের অক্টোবর মাসে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, বর্তমানে দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।
সময়ের আলো/এসএকে