বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে টানা ৩৬ দিন ভেসে থাকা শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর জেলেরা। সম্পর্কে তারা বাবা-ছেলে।
খাবার ফুরিয়ে যাওয়ায় সাগরে কাঁচা মাছ খেয়ে বেঁচেছিলেন তারা। বৃহস্পতিবার গভীর সাগরে ‘গুলিরধার’ এলাকায় ভাসমান একটি ড্যানিশ ফিশিং বোটে এই শ্রীলঙ্কান দুি জেলেকে দেখতে পান বাংলাদেশি জেলেরা।
পরে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন। পরে শনিবার (২৫ জুলাই) দুই জেলেকে অসুস্থ অবস্থায় তীরে ফিরিয়ে আনা হয়।
বর্তমানে তারা মহেশখালীর কুতুবজোমে জিয়াউর রহমানের বাড়িতে চিকিৎসাধীন ও আশ্রয়ে রয়েছেন। উদ্ধার হওয়া ফিশিং বোটটি রাখা হয়েছে স্থানীয় তাজিয়াকাটা ঘাটে।
জিয়াউর রহমান জানান, ঘটনাটি ইতোমধ্যে কোস্ট গার্ড ও স্থানীয় থানাকে জানানো হয়েছে। শ্রীলঙ্কা দূতাবাসের সাথে যোগাযোগ করে দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সোলতান জানান, উদ্ধার হওয়া দুই ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তারা শ্রীলঙ্কার নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিচয়, ৩৬ দিন সাগরে ভেসে থাকার দাবি এবং ঘটনার অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জেডি