বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রোববার (২৬ জুলাই) দুপুরে বঙ্গভবন ছাড়বেন। এরপর থেকেই বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবন ছাড়ার পর মো. সাহাবুদ্দিন রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠতে পারেন। অন্যদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলেও হাফিজ উদ্দিন আহমদ স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন। তবে আইন অনুযায়ী চাইলে মো. সাহাবুদ্দিন আরও এক মাস বঙ্গভবনে থাকার সুযোগ পেতেন।
শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন বিদায়ী রাষ্ট্রপতি। এতে বঙ্গভবনের কর্মকর্তারা অংশ নেন। আরও কিছু আনুষ্ঠানিকতা আয়োজনের পরিকল্পনা থাকলেও সেগুলো অনুষ্ঠিত হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান স্পিকার।
একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন তিনি। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
সময়ের আলো/আরবিএন