রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) রূপরেখা ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মতপার্থক্যকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষকরা সভাকক্ষ থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
রোববার (২৬ জুলাই) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নাজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর পরপরই বিভিন্ন বিষয়ে আলোচনা নিয়ে মতবিরোধ দেখা দিলে উত্তেজনা তৈরি হয় এবং পরে শিক্ষকরা আসন ত্যাগ করে ওয়াকআউট করেন।
শিক্ষকদের সভায় ফিরে আসার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘সম্মানিত শিক্ষকরা, আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। আপনারা রয়েছেন, আমরা আপনাদের সম্মান জানিয়ে বলছি, আপনারা সামনে আসুন, আমরা কথা বলব।’
তিনি আরও বলেন, ‘যে সমস্ত শিক্ষক আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা সামনে এসে বসুন। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা সামনে বসুন, প্লিজ, প্লিজ বসুন, শিক্ষকরা বসুন। শিক্ষকদের কথাও শুনব।’
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের বক্তব্য শোনার পাশাপাশি শিক্ষকদের মতামতও গুরুত্বের সঙ্গে নেওয়া হবে এবং উভয় পক্ষের কথা শুনে বিষয়টি মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, সাত সরকারি কলেজকে একীভূত করে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।