দীর্ঘদিন পর পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার পেল কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন। নতুন ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ খালেদ।
শুক্রবার (২৪ জুলাই) তিনি কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ খালেদ জানান, তিনি ইতোমধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ফরেন সার্ভিসের ২৫তম ব্যাচের (বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার) কর্মকর্তা মোহাম্মদ খালেদ ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
কুনমিংয়ে দায়িত্ব পালনের আগে তিনি মিয়ানমারের ইয়াঙ্গুন, পর্তুগালের লিসবন এবং গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক, বিমসটেক ও এসিডি উইং, পশ্চিম এশিয়া উইং, মধ্য এশিয়া ও আফ্রিকা উইং এবং ইউরোপ উইংয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিশনের দূতালয় প্রধান মোহাম্মদ আশরাফুল সিকদার। চলতি বছরের জুনে তার দায়িত্বের মেয়াদ শেষ হলে তিনি দেশে ফিরে যান। এরপর প্রথম সচিব (রাজনৈতিক) আয়েশা আক্তার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে ৫ আগস্ট পর্যন্ত কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার ছিলেন আন্দালিব ইলিয়াস। তাকে শ্রীলঙ্কায় বদলি করা হলে দীর্ঘ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হয় কলকাতার বাংলাদেশ মিশন।
কলকাতায় দায়িত্ব গ্রহণের বিষয়ে সময় সংবাদকে মোহাম্মদ খালেদ বলেন, ‘আমি ২৪ জুলাই কলকাতা মিশনে যোগদান করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’
সময়ের আলো/আরবিএন