হরমুজ প্রণালিতে সপ্তাহ দুয়েক আগে ইরানি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় আট মার্কিন মেরিন সেনা আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) মার্কিন তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আহত মেরিন সেনাদের আঘাত গুরুতর ছিল না। তবে ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং মাথা ব্যথাসহ মস্তিষ্কে ঝাঁকুনির মতো উপসর্গ দেখা দেয়ায় তারা ব্রেইন ইনজুরির (টিবিআই) ঝুঁকিতে ছিলেন।
উপস্থিত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আহত সেনাদের সাতজন ছিলেন এনলিস্টেড বা সাধারণ পদমর্যাদার সদস্য এবং একজন ছিলেন কর্মকর্তা। গত ১৪ সেপ্টেম্বরের ওই হামলার পরে আটজনই পুনরায় তাদের নিজ নিজ দায়িত্বে ফিরেছেন।
তারা আরও জানান, ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার সময় মেরিন সেনারা ব্যাটালিয়ন ল্যান্ডিং টিমের অংশ হিসেবে একটি জাহাজে কাজ করছিলেন। ক্ষতিগ্রস্ত জাহাজটি মার্কিন নৌবাহিনীর ছিল না।
তবে সেটির ধরণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু না জানিয়ে সেটিকে কেবল একটি ‘জাহাজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন হতাহতের হিসাব প্রকাশ নিয়ে বাড়তি নজরদারির মুখে পড়েছে। যুদ্ধ চলাকালে আহত ও নিহত সেনাসংখ্যার প্রতিবেদন ও শ্রেণিবিভাগে বারবার পরিবর্তন দেখা গেছে।
প্রতিরক্ষা দফতরের ডিকাস ডেটাবেজের তথ্য অনুযায়ী, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত এ সংঘাতে যুক্তরাষ্ট্রের সর্বমোট ৮৬১ জন সেনা সদস্য আহত হয়েছেন।
গত ১৪ সেপ্টেম্বরের ঘটনার প্রায় ১০ দিন পর ওই আট মেরিন সেনার নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা জানান, এ জাতীয় আঘাতের উপসর্গগুলো ধীরে ধীরে প্রকাশ পাওয়া এবং ডেটাবেজে তাৎক্ষণিক আপডেট না থাকার কারণেই এই বিলম্ব হয়েছে।
সময়ের আলো/ইউএমএইচ