ইবিতে ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীদের মধ্যে হট্টগোল

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘জুলাই স্মৃতিচারণ’ সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় নাগরিক

2026-07-26T19:53:39+00:00
2026-07-26T19:53:39+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিক্ষা
ইবিতে ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীদের মধ্যে হট্টগোল
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম 
‘জুলাই স্মৃতিচারণ’ সভায় হট্টগোল। ছবি : সময়ের আলো
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘জুলাই স্মৃতিচারণ’ সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই এই হট্টগোল হয়। ইবি শাখা ছাত্রশক্তির কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন এবং প্রকৃত আন্দোলনকারীদের বঞ্চিত করার অভিযোগ তুলে এই বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইবি শাখা জাতীয় ছাত্রশক্তি। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য চলাকালে শাখা বৈবিছাআ-এর সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুবাশ্বির আমিন ও যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাসের নেতৃত্বে কিছু নেতাকর্মী হট্টগোল শুরু করেন।

উক্ত অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং দফতর সম্পাদক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। পরে এনসিপি নেতা আলী আহসান জুনায়েদসহ অন্যরা হট্টগোলকারীদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।


ইবির বৈবিছাআর যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস বলেন, কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান আগে ছাত্রলীগ করতেন। জুলাইয়ের পরও তিনি হল দখল করে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করেন। পরে আমাদের বাধার মুখে তিনি হল থেকে নামতে বাধ্য হন।

তিনি আরও বলেন, ফুয়াদ জাহিদের কোরামের সঙ্গে রাজনীতি করায় পদ পেয়েছেন। এ ছাড়া কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্তার ঘটনায় জড়িত, যার বিরুদ্ধে তদন্ত কমিটিও গঠিত হয়েছে। জুলাইয়ের আন্দোলনের চেতনায় যেখানে এই কমিটি গঠনের কথা, সেখানে প্রকৃত আন্দোলনকারীদের মূল্যায়ন করা হয়নি। আমরা মূলত এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে গিয়েছিলাম।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, সভায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে যারা ক্ষুব্ধ ছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আজ এখানে যারা এসেছিলেন, তারা সবাই জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। নতুন কমিটি নিয়ে অনেকের মাঝেই নানা ক্ষোভ থাকতে পারে। আমরা সবার কথা শুনেছি এবং এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৫ জুলাই বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসানকে আহ্বায়ক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেহার উদ্দিনকে সদস্যসচিব করে ইবি শাখা ছাত্রশক্তির এক বছরের এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

এদিকে কমিটির শীর্ষ দুই নেতার বিরুদ্ধে বিগত সরকারের আমলে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগে শুরু থেকেই ক্ষুব্ধ ছিলেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, আহ্বায়ক ফুয়াদ হাসান ৫ আগস্টের অভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন এবং দলীয় কর্মসূচিতে তার নিয়মিত উপস্থিতির সুনির্দিষ্ট প্রমাণ ও ছবি রয়েছে। অন্যদিকে, সদস্যসচিব ইফতেহার উদ্দিন আন্দোলনের আগে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং ৫ আগস্টের পর কর্মী সংকটের সুযোগ নিয়ে ছাত্রদলের রাজনীতিতে ভিড়েন। শুধু তাই নয়, ইফতেহারের বিরুদ্ধে শাহ আজিজুর রহমান হলে বিদেশি শিক্ষার্থীদের হুমকি, অসদাচরণ এবং বিভাগীয় শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রক্টরিয়াল বডির সদস্যদের ওপর হামলার গুরুতর অভিযোগও রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ইবি  ছাত্রশক্তি  বৈষম্যবিরোধী  নেতা  হট্টগোল  সময়ের আলো  ইসলামী বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: