গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী একটি বাসের চালকের আসনের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ১ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জাহিদুল ইসলাম জাহিদ (৫০) নামে বাসের চালককে গ্রেফতার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে বাসটিও।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন সকাল ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে চালককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদুল ইসলাম জাহিদ গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌর শহরের দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এ সময় চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী বি.এম ভি.আই.পি নামের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের চালকের আসনের নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলেই হাতেনাতে গ্রেফতার করা হয় চালক জাহিদুল ইসলামকে। পরে বাসটিও জব্দ করে র্যাব।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতার জাহিদুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, দূরপাল্লার যাত্রীবাহী বাসের ভেতরে বিভিন্ন কৌশলে মাদক লুকিয়ে পরিবহনের প্রবণতা দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে র্যাব।
সময়ের আলো/আতা