হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সবসময় ভিন্নতা থাকে। তারই ধারাবাহিকতায় এবারের পর্বেও রয়েছে বাড়তি আকর্ষণ। নতুন ইত্যাদি ধারণ করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জনপদ লক্ষ্মীপুরে। এবারের পর্বে দুটি বিশেষ গানের একটিতে কণ্ঠ দিয়েছেন ফেনীর মেয়ে ক্লোজাপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সাাজিয়া সুলতানা পুতুল। তার সঙ্গে গানটি গেয়েছেন লক্ষ্মীপুরেরই মেয়ে তানজিনা রুমা। কবির বকুলের কথায় গানটির সুর করেছেন আকাশ মাহমুদ। দীর্ঘ ক্যারিয়ারে পুতুল স্টেজ প্রোগ্রামের পাশাপাশি রেডিও, টিভি চ্যানেলে নিয়মিত গান করলেও ইত্যাদিতে গাইলেন প্রথম। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
পুতুল বলেন, ইত্যাদিতে একটা গান গাওয়া মানে শিল্পী জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমিও শৈশবে স্বপ্ন দেখেছি ইত্যাদিতে গান গাইব একদিন। শ্রদ্ধেয় হানিফ সংকেতের মুখে উচ্চারিত হবে আমার নাম! স্কুলজীবনে চিঠিও লিখেছিলাম ‘ইত্যাদি’তে। চেয়েছিলাম গান গাওয়ার সুযোগ। এরপর কেটে গেছে অনেক সময়। আমি বাংলাদেশের সংগীতাঙ্গনে যাত্রা করেছি। টেলিভিশনে প্রতিদিনই গাইছি। সব চ্যানেলে গাওয়া হয়ে গেছে।
কিন্তু একটা জিনিস বাকি ছিল, ইত্যাদিতে গান গাওয়া। মনের মধ্যে পুষে রাখা স্বপ্নটা সত্যি হলো পেশাগত সংগীত জীবনের দুই দশক পরে এসে। এক দুপুরে শ্রদ্ধেয় হানিফ সংকেত ফোন করলেন। ইত্যাদিতে গান গাওয়ার আমন্ত্রণ জানালেন। আমি এবং তানজিনা রুমা আপু একটা গান গাইব। বিস্মিত মনে ভাবলাম, চাওয়ার মতো চাইলে সৃষ্টিকর্তা মানুষকে চমকে দিয়ে অনেক কিছু ঘটান। নিজে উপস্থিত থেকে গানটির রেকর্ডিং করেন হানিফ সংকেত। শুটিংয়ে লক্ষ্মীপুর গিয়ে হয়েছে আরেক বিস্ময় জাগানো অভিজ্ঞতা।
পুতুলের গান ছাড়াও এবারের ইত্যাদিতে রয়েছে অন্যান্য নিয়মিত আয়োজন। দর্শক পর্ব, নাট্যাংশ, নৃত্যগীতি, নানি-নাতির উপস্থাপনা, চিঠিপত্র, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার, তথ্যবহুল প্রতিবেদন ও নদী আর ভাগ্যের সঙ্গে অবিরাম লড়াই করা লক্ষ্মীপুরের এক নিঃস্ব মাঝিকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন।
ইত্যাদির এই পর্বটি আগামী ৩১ জুলাই শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে। বরাবরের মতো ইত্যাদির এই নতুন পর্ব রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এদিকে সম্প্রতি প্রকাশ হয়েছে পুতুলের নতুন মৌলিক গান ‘বেখেয়ালি মন’। প্রজেক্ট রেজা পুতুল ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন পুতুলের স্বামী সৈয়দ রেজা আলী। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন পুতুল নিজেই। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রেজওয়ান সাজ্জাদ।
সময়ের আলো/এসএকে