বরিশালের হিজলায় সরকারি খাসজমির খাজনা গ্রহণ ও তা অবৈধভাবে ব্যক্তিমালিকানায় দেওয়ার অভিযোগে এক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শঙ্কর চন্দ্র মালাকার উপজেলার ধুলখোলা ইউনিয়ন ভূমি অফিসে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (সাময়িক বরখাস্তকৃত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (২৭ জুলাই) দুপুরে হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি জমি অবৈধভাবে ব্যক্তিমালিকানায় দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২২ জুলাই বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারি করা এক আদেশে শঙ্কর চন্দ্র মালাকারকে চাকরিচ্যুত করার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪ (৩) (ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সময়ের আলো/জোই