নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ জন কর্মীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাসে করে এসে একদল ছাত্রলীগ কর্মী বস্তল এলাকায় মিছিল করার চেষ্টা চালায়। এ সময় স্থানীয় জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আটকরা হলেন, রায়হান (৩০), শাওন শেখ (১৯), রাব্বি (১৫), বিজয় পাল (১৯), সূর্য দেব (১৫), ইশান সাহা (১৭), রাজ সাহা (১৭), আবির হাসান (১৮), রুদ্র দেব (১৭), শাহরিয়ার (২৫), ইমন (২২) ও জোবায়ের হোসেন (১৯)।
তাদের বাড়ি নরসিংদী, ঢাকা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। এ বিষয়ে সোনারগাঁ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আটকদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/জোই