বাপ্পা মজুমদারের বুড়ো নাবিকের গল্প

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

গানের ভুবনে তিন যুগের পথ পাড়ি দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার। সংগীতের এই দীর্ঘ সফরে তার গাওয়া এবং

2026-07-28T05:33:52+00:00
2026-07-28T05:33:52+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আনন্দ সময়
বাপ্পা মজুমদারের বুড়ো নাবিকের গল্প
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৩৩ এএম 
কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার। সংগৃহীত ছবি
গানের ভুবনে তিন যুগের পথ পাড়ি দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার। সংগীতের এই দীর্ঘ সফরে তার গাওয়া এবং সুর ও সংগীতায়োজন বেশ কিছু গান যেমন কালজয়ী হয়ে উঠেছে, তেমনি শ্রোতার মনে অনুরণন তুলে যাচ্ছে দীর্ঘ সময় ধরে। সেই ধারাবাহিকতায় নতুন একটি ভিন্নধর্মী গান নিয়ে হাজির হয়েছেন এই গুণী সংগীতশিল্পী । 

গানের শিরোনাম ‘বুড়ো নাবিকের গল্প’। সিন্ধু নাবিক/ ভেবে সব দিক/ জলের সাথে নীল বাড়ি/ সেই সেনাবিক- কথার গানটি লিখেছেন বাপ্পা মজুমদার। সেই সঙ্গে সুর ও সংগীতায়োজনও করেছেন শিল্পী নিজেই। সম্প্রতি বাপ্পা মজুমদারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। 

গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত একজন সমুদ্র পাড়ি দেওয়া নাবিকের গল্প। গানটির ভিডিওতে একজন বৃদ্ধ নাবিককে দেখা যাবে। তার পুত্র হিসেবে অভিনয় করেছেন বাপ্পা মজুমদার। ভিডিওতে দুজনের অভিনয় নজর কেড়েছে সবার। 

গানটি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সংগীতের সঙ্গে পথচলার অভিজ্ঞতা এবং নাড়ির টানের গভীর দায়িত্ববোধ থেকে এই গানটির সৃষ্টি। সবার ভালো লাগার মতোই গান ‘বুড়ো নাবিকের গল্প’। 

গানটির ভিডিওতেও সেই আবেগময় গল্প গুরুত্ব দেওয়া হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন আহাদ অন্তর, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রকাশের পাশাপাশি সংগীতপ্রেমীদের জন্য নিয়মিত নানা ধরনের কনটেন্টও তৈরি করেন বাপ্পা মজুমদার। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গানের গিটার সলো শেয়ার করেন তিনি, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে। পাশাপাশি সংগীতচর্চা, সুর ও বাদ্যযন্ত্র বিষয়ে শিক্ষামূলক ভিডিও কনটেন্টও প্রকাশ করে থাকেন এই শিল্পী। সম্প্রতি বাপ্পা মজুমদারকে সম্মান জানিয়ে আয়োজন করা হয় একটি বিশেষ সংগীতানুষ্ঠানের। সেখানে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন নতুন প্রজন্মের আটজন শিল্পী। 


অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের গান অন্যদের কণ্ঠে উপভোগ করেন বাপ্পা। একই সঙ্গে আয়োজনের সঙ্গে যুক্ত শিল্পী ও উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান তিনি। দীর্ঘ ক্যারিয়ারের পরও নতুন গান, নতুন ভাবনা এবং নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ বজায় রেখে এগিয়ে চলা বাপ্পা মজুমদার আবারও প্রমাণ করলেন, সৃজনশীলতার কোনো বয়স হয় না। ‘বুড়ো নাবিকের গল্প’ সেই ধারাবাহিকতারই আরেকটি নতুন সংযোজন।

এর আগে প্রকাশিত হয় বাপ্পার ‘অনায়াসে’। রুনা লায়লার সঙ্গে তার গাওয়া এই দ্বৈত গানটি দারুণ সাড়া ফেলে। গানটি মূলত বাপ্পা মজুমদারের আসন্ন ‘অনুভব’ অ্যালবামের প্রথম গান হিসেবে প্রকাশ করা হয়েছে। শিগগিরই পুরো অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে। এ ছাড়া ‘কোথায় যেন’, ‘তুমি বললেই’, ‘এই ব্যথা’সহ বাপ্পার বেশ কিছু গান চলতি বছরে প্রকাশিত হয়েছে। গানগুলো দর্শক-শ্রোতার মন ভরিয়েছে। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   বাপ্পা মজুমদার  বুড়ো নাবিকের গল্প  কণ্ঠশিল্পী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: