নদী পারাপারে ভরসা ৩০ বছরের পুরোনো ব্রিজ

শরিফুল ইসলাম আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা)

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার সংযোগস্থলে কুমার নদের ওপর নির্মিত হাড়গাড়ি-বাজিতপুর ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় তিন

2026-07-28T06:28:39+00:00
2026-07-28T06:28:39+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ
নদী পারাপারে ভরসা ৩০ বছরের পুরোনো ব্রিজ
শরিফুল ইসলাম আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:২৮ এএম 
তিন দশক আগে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে। সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার সংযোগস্থলে কুমার নদের ওপর নির্মিত হাড়গাড়ি-বাজিতপুর ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় তিন দশক আগে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

ব্রিজটি মিরপুর উপজেলার সুকচা, বাজিতপুর, পাগলা, চকহারদীসহ অন্তত ১০-১২টি গ্রামের মানুষের আলমডাঙ্গা শহরে যাতায়াতের প্রধান মাধ্যম। এসব গ্রামের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীরা প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করেন। শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হওয়ায় আলমডাঙ্গার ওপরই তাদের নির্ভরতা বেশি।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের নিচের পিলারগুলোতে ফাটল দেখা দিয়েছে। দুই পাশের সুরক্ষা পাখা (উইং ওয়াল) অনেকাংশে ভেঙে গেছে। ব্রিজটি এতটাই সরু যে একটি ইজিবাইক বা ভ্যান উঠলে অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে প্রায়ই ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এ ছাড়া পণ্যবোঝাই যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কৃষিপণ্য ও মালামাল নিয়ে আলমডাঙ্গায় আসতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।

এ প্রসঙ্গে আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ বলেন, কুমার নদের ওপর নির্মিত এই ব্রিজটি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা এবং মিরপুর উপজেলার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ব্রিজটির অবস্থা অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রকৌশলী তাওহীদ আহমেদ আরও বলেন, ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি পরিদর্শন করেছি। ব্রিজটি কেডিআরআইডিপি প্রকল্পে অন্তর্ভুক্ত করা রয়েছে। এই প্রকল্পটি পাশ হলেই আমরা ব্রিজটি নির্মাণ করতে পারব।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, কুমার নদের ওপর নির্মিত এই ব্রিজটি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা ও মিরপুর উপজেলার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ব্রিজটির অবস্থা অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এই ব্রিজ ব্যবহার করছেন। 

বিশেষ করে মিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র আলমডাঙ্গা শহর হওয়ায় তাদের জন্য ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। মাহবুবুর রহমান আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় দ্রুত একটি নতুন, প্রশস্ত ও টেকসই ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।

এক এনজিও কর্মী বলেন, এই ব্রিজটি দিয়ে নিয়মিত যাওয়া-আসা করি। মাঝেমধ্যে ভয় লাগে কখন ব্রিজটি ভেঙে পড়ে যায়। ব্রিজের অবস্থা এতই খারাপ যে, পার হওয়ার সময় ভয় লাগে। দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। কৃষক মহির উদ্দিন বলেন, এই ব্রিজটি প্রায় তিন দশক আগে নির্মাণ করা হয়। 

বর্তমানে ব্রিজটি আর ব্যবহার করার মতো অবস্থায় নেই। আমরা হাড়গাড়ি গ্রামের মানুষ মালামাল আনতে হলে অনেক পথ ঘুরে আসতে হয়। দ্রুত ব্রিজটি নতুন এবং দুটি গাড়ি চলাচলের মতো বড় করে নির্মাণ করা দরকার। কৃষক মোজাল উদ্দিন বলেন, আমার উৎপাদিত ধান, পাট ও সবজি বাজারে নিতে সমস্যা হয়। বড় যানবাহন চলতে না পারায় সময় ও খরচ দুটোই বাড়ছে। নতুন ও প্রশস্ত সেতু নির্মাণ হলে দুই উপজেলার মানুষের যোগাযোগ সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।

কথা হয় ইজিবাইকের চালক বশির আলীর সঙ্গে। এ সময় তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাত্রী পারাপার করি। গাড়ি উঠলে ব্রিজ কেঁপে ওঠে বলে মনে হয়। ব্রিজটির বেহাল অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বশির আলী আরও বলেন, আমরা দ্রুত পুরোনো ব্রিজটি ভেঙে একটি নতুন, প্রশস্ত ও টেকসই ব্রিজ নির্মাণের দাবি জানাই।


এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় দ্রুত জরিপ করে আধুনিক ও প্রশস্ত একটি নতুন ব্রিজ নির্মাণ করা হোক। এতে আলমডাঙ্গা ও মিরপুর উপজেলার হাজারো মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যেরও ব্যাপক উন্নয়ন হবে।

স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলছেন, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ব্রিজটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বর্তমানে দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হয়ে উঠেছে কুমার নদের ওপর একটি নিরাপদ ও টেকসই নতুন ব্রিজ নির্মাণ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   নদী  পারাপার  ভরসা  ৩০ বছর  পুরোনো ব্রিজ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: