প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষের অস্তিত্ব, অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য এবং সামগ্রিক উন্নয়নের ভিত্তি প্রকৃতির সুস্থতা ও ভারসাম্যের ওপর নির্ভরশীল। নির্মল বাতাস, বিশুদ্ধ পানি, উর্বর মাটি, বনভূমি, নদ-নদী, পাহাড়, সমুদ্র এবং জীববৈচিত্র্য- এসবই মানুষের জীবনকে টিকিয়ে রাখার মৌলিক উপাদান।
অথচ আমাদের ক্রমবর্ধমান ভোগবাদী মানসিকতা, প্রাকৃতিক সম্পদের অযাচিত ব্যবহার, প্লাস্টিক দূষণ, বনভূমির সংকোচন এবং জীববৈচিত্র্যের ক্ষয় প্রকৃতিকে ক্রমেই বিপন্ন করে তুলছে। প্রকৃতির এই সংকট শেষ পর্যন্ত মানুষের জীবন ও জীবিকার ওপরই প্রত্যক্ষ প্রভাব ফেলছে। তাই প্রকৃতিকে রক্ষা করা এখন আর কেবল পরিবেশগত দায়িত্ব নয়; এটি মানবিক, সামাজিক এবং নৈতিক দায়িত্বও বটে।
প্রতি বছরের ২৮ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়। দিবসটির মূল তাৎপর্য মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যে প্রকৃতি সংরক্ষণ কোনো বিশেষ দিবসের কর্মসূচি নয়; এটি প্রতিদিনের জীবনচর্চার অংশ। প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণই পারে একটি নিরাপদ, সুষম ও বাসযোগ্য পৃথিবীর ভিত্তি গড়ে তুলতে। মানুষ ও প্রকৃতির সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতার নয়, সহাবস্থানের। প্রকৃতি মানুষের প্রয়োজন পূরণ করতে সক্ষম, কিন্তু সীমাহীন ভোগের আকাক্সক্ষা পূরণের জন্য নয়। প্রয়োজনের সীমা অতিক্রম করে যখন ভোগই জীবনের প্রধান মানদণ্ড হয়ে ওঠে, তখন প্রকৃতির ওপর চাপও বহুগুণ বেড়ে যায়।
গত কয়েক দশকে নগরায়ণ, শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি প্রকৃতির ওপরও সৃষ্টি করেছে বাড়তি চাপ। বনভূমির পরিধি সংকুচিত হয়েছে, জলাভূমি হারিয়েছে স্বাভাবিক বৈশিষ্ট্য, জীববৈচিত্র্য ক্রমেই ঝুঁকির মুখে পড়েছে এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্যে দেখা দিয়েছে উদ্বেগজনক পরিবর্তন। উন্নয়ন ও প্রকৃতি এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা তাই আজ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
সভ্যতার ইতিহাসে মানুষ যত উন্নতির সোপান অতিক্রম করেছে, তার প্রতিটি ধাপেই প্রকৃতির অবদান অনস্বীকার্য। শ্বাস নেওয়ার জন্য নির্মল বাতাস, জীবনধারণের জন্য পানি, খাদ্য উৎপাদনের জন্য উর্বর মাটি, আবাসের জন্য অনুকূল পরিবেশ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষাকারী অসংখ্য উদ্ভিদ ও প্রাণী সবই প্রকৃতির অমূল্য দান। অথচ এই প্রকৃতিই আজ বহুমাত্রিক সংকটের মুখোমুখি। ফলে প্রকৃতি সংরক্ষণ এখন আর কেবল পরিবেশবিদদের আলোচনার বিষয় নয়; এটি মানবসভ্যতার টেকসই ভবিষ্যৎ নির্মাণের অন্যতম অপরিহার্য শর্ত।
প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো- এর আন্তঃনির্ভরশীলতা। একটি বৃক্ষ শুধু ছায়া বা ফলের উৎস নয়; এটি বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করে, মাটিকে ক্ষয় থেকে রক্ষা করে এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করে। একটি নদী কেবল পানির প্রবাহ নয়; এটি কৃষি, মৎস্য সম্পদ, নৌ-যোগাযোগ এবং জীববৈচিত্র্যের ধারক। একটি জলাভূমি শুধু জলাবদ্ধ ভূমি নয়; এটি প্রাকৃতিক জলাধার, বহু প্রজাতির প্রাণীর আবাস এবং পরিবেশগত ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রকৃতির প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই কোনো একটি উপাদানের ক্ষতি শেষ পর্যন্ত সমগ্র পরিবেশব্যবস্থার ওপর প্রভাব ফেলে।
জীববৈচিত্র্য প্রকৃতির অন্যতম প্রধান শক্তি। পৃথিবীর প্রতিটি উদ্ভিদ, প্রাণী, পাখি, কীটপতঙ্গ এমনকি অণুজীবও পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনো না কোনো ভূমিকা পালন করে। মৌমাছি পরাগায়নের মাধ্যমে খাদ্য উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত করে, পাখি বীজ ছড়িয়ে বন পুনর্জন্মে সহায়তা করে, কেঁচো মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং অগণিত অণুজীব প্রকৃতির পুনর্চক্রায়ন প্রক্রিয়াকে সচল রাখে। অনেক সময় তাদের অবদান আমাদের চোখে পড়ে না, কিন্তু প্রকৃতির স্বাভাবিক চক্র সচল রাখতে তাদের ভূমিকা অপরিহার্য। তাই জীববৈচিত্র্য সংরক্ষণ মানে শুধু বিরল প্রাণী রক্ষা নয়; বরং একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
প্রকৃতি সংরক্ষণের আলোচনায় প্লাস্টিক দূষণের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দাবি করে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের সুবিধা যতই থাকুক, এর দীর্ঘমেয়াদি ক্ষতি আজ সর্বজনবিদিত। নদী, খাল, সমুদ্র ও কৃষিজমিতে জমে থাকা প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বহু প্রাণী খাবার ভেবে প্লাস্টিক গ্রহণ করে মৃত্যুবরণ করছে, আবার কোথাও এটি প্রাকৃতিক পানিপ্রবাহ ব্যাহত করছে। তাই প্লাস্টিকের বিকল্প ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের প্রতি আগ্রহ এবং দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এখন কেবল পরিবেশগত নয়, সামাজিক দায়িত্বও বটে।
প্রকৃতি রক্ষার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো দায়িত্বশীল জীবনাচার গড়ে তোলা। প্রয়োজনের অতিরিক্ত ভোগ থেকে বিরত থাকা, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করা, অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানো, ব্যবহারযোগ্য সামগ্রী পুনর্ব্যবহার করা এবং বৃক্ষরোপণের পাশাপাশি তার পরিচর্যা নিশ্চিত করা এসব আপাতদৃষ্টিতে ছোট উদ্যোগই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তনের ভিত্তি গড়ে তোলে।
প্রকৃতি সংরক্ষণ কোনো একদিনের কর্মসূচি নয়; এটি প্রতিদিনের সচেতন অনুশীলন। এই দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে পরিবার প্রকৃতিপ্রেমের প্রথম শিক্ষালয়। শিশুরা বড়দের আচরণ থেকেই পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে গাছের প্রতি মমত্ববোধ, প্রাণীর প্রতি সহমর্মিতা, পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব এবং সম্পদের সাশ্রয়ী ব্যবহারের অভ্যাস গড়ে তোলা জরুরি। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পরিবেশবিষয়ক জ্ঞানকে কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী কার্যক্রমের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। পরিবেশবান্ধব অভ্যাসের চর্চাই ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে পারে।
গণমাধ্যম, সাহিত্য ও সংস্কৃতিরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। একটি দায়িত্বশীল প্রতিবেদন, একটি চিন্তাশীল নিবন্ধ কিংবা একটি সৃজনশীল সাহিত্যকর্ম মানুষের মধ্যে প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বোধ জাগিয়ে তুলতে পারে। পরিবেশ রক্ষার ইতিবাচক উদ্যোগগুলো যেমন তুলে ধরা প্রয়োজন, তেমনি প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কেও ধারাবাহিক জনসচেতনতা সৃষ্টি করা সময়ের দাবি।
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আমাদের আরেকটি মৌলিক সত্য স্মরণ করিয়ে দেয় প্রকৃতি আমাদের ভোগের সম্পদ নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত এক মূল্যবান আমানত। আজ আমরা প্রকৃতির প্রতি যত দায়িত্বশীল হব, আগামী প্রজন্ম ততটাই নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী পাবে।
উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে সেই উন্নয়ন হতে হবে পরিবেশ-সংবেদনশীল, ভারসাম্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদি কল্যাণমুখী। প্রকৃতি তার নিজস্ব নিয়মে মানুষের জীবনকে ধারণ করে, আর মানুষও প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই সেই ভারসাম্য অটুট রাখতে পারে। তাই প্রকৃতি সংরক্ষণ কোনো সাময়িক উদ্যোগ নয়; এটি একটি চলমান দায়বদ্ধতা, যা বর্তমানের প্রয়োজন পূরণের পাশাপাশি আগামী দিনের পৃথিবীকেও সুরক্ষিত রাখে।
লেখক
মতামত লেখকের নিজস্ব
সময়ের আলো/প্রিন্ট/জেডি