ফেসবুকে বাংলাদেশের তারকাদের মধ্যে সর্বাধিক অনুসারীর নতুন রেকর্ড গড়েছেন চিত্রনায়িকা পরীমণি। দীর্ঘদিন শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন এই তালিকার শীর্ষে অবস্থান করছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, পরীমণির অফিসিয়াল ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইল মিলিয়ে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। বিপরীতে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী।
এক বছর আগেও দুজনের অনুসারীর সংখ্যা ছিল প্রায় সমান। পরে কিছু সময়ের জন্য সাকিব এগিয়ে গেলেও পরীমণির জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় শেষ পর্যন্ত তিনিই শীর্ষস্থান দখল করেন।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, দুই সন্তানকে ঘিরে স্মরণীয় সময়, নতুন কাজের খবর এবং বিভিন্ন সামাজিক বার্তা নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। তার পোস্ট ও লাইভ সম্প্রচারও ব্যাপক সাড়া ফেলায় অনলাইন উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে।
ফলে ফেসবুকে বাংলাদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর মাইলফলক স্পর্শ করলেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী।
সময়ের আলো/এমকে