আশিয়ান গ্রুপ ও আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা, শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় একটি মামলা করেন তিনি।
এ ঘটনার রেশ না কাটতেই স্নিগ্ধার মাসহ নজরুল ইসলামের সঙ্গে তোলা স্নিগ্ধা চৌধুরীর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনার। তবে এসব ছবি নিয়ে স্নিগ্ধার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একটি সূত্রে জানা গেছে, ঘটনার দিন ছবিটি তোলা হয়েছে।
এদিকে স্নিগ্ধার করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন পেয়েছেন।
মামলায় করা অভিযোগের বরাতে খিলক্ষেত থানার ওসি সোহরাব আল হোসাইন বলেন, ইমন নামে একজন স্নিগ্ধাকে প্রায় এক মাস ধরে আশিয়ান সিটির বিজ্ঞাপনে কাজ করার জন্য বলছিলেন। পরে ইমনের সঙ্গে চুক্তির টাকা নিয়ে কথা বলার পর শুক্রবার আশিয়ান সিটির চেয়ারম্যানের সঙ্গে স্নিগ্ধার দেখা করার তারিখ নির্ধারণ হয়। ওইদিন রাজধানীর তিনশ ফিটে আশিয়ান সিটির মেডিকেল কলেজে যাওয়ার কথা বললে স্নিগ্ধা সেখানে যেতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে স্নিগ্ধা সেখানে তার মাকে নিয়ে যান।
পরে স্নিগ্ধা সাংবাদিকদের বলেন, অত্যন্ত নিরাপত্তা বলয়ের মধ্যে চেয়ারম্যানের কক্ষে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে মাকে বাইরে রেখে ইমন এবং তিনি নজরুল ইসলামের কক্ষে যান। পরে তার মা চলে যান। কক্ষে ঢোকার পর ‘তিনমাস ধরে খুঁজছে’ দাবি করে নজরুল ইসলাম তাকে জেবা তাকিয়া নামে এক মহিলা মনে করে রশি দিয়ে পা বেঁধে ফেলে। এ সময় কক্ষ থেকে ইমনকেও বের করে দেওয়া হয়।
তবে এসবের মাঝে নজরুল ইসলামের সঙ্গে স্নিগ্ধার ছবি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সময়ের আলো/আতা