কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ, গাঁজা সেবনের সরঞ্জামসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে অভিযানে গ্রেফতার হন মনজু আলম (৫৫)। তিনি মৃত নজির উদ্দিনের ছেলে এবং কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের বাসিন্দা।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মনজু আলমের বাড়ি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মনজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকাতে এগিয়ে আসা স্থানীয় দুই যুবকের হাতে কামড় দিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা তাকে নিয়ন্ত্রণে এনে গ্রেফতার করেন।
অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার জনাব সুবাদার মো. ফরিদুল ইসলাম খান।
এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হবে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/জোই