হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার পর নড়াইল শহরের আদালতপুর এলাকায় অবস্থিত এনসিপির জেলা কার্যালয়ের সামনে থেকে এক উত্তাল মশাল মিছিল বের হয়।
মিছিলটি নড়াইল শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জ বাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও মশাল হাতে অংশ নেন এবং হামলার প্রতিবাদে নানা রকম প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম এবং সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।
সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর যে কাপুরুষোচিত ও ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। একটি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ওপর এ ধরনের হামলা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।
বক্তারা অবিলম্বে এ হামলায় জড়িত দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা এনসিপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আতা