যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় রাত ৮টা থেকে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
সেন্টকম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর আগের দিনের ইরানি হামলার চেষ্টার জবাব হিসেবেই এই অভিযান শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী বুধবার রাত ৮টা (ইটি) থেকে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। এটি মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টার শক্তিশালী জবাব।
একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, হামলায় ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
হামলার আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানতে যাচ্ছি, কারণ এবার আঘাত করার পালা আমাদের। তারা জানে, এটা আসছে।
এর আগে মঙ্গলবার রাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এ সময় জর্ডানের সামরিক বাহিনী জানায়, তারা পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
সময়ের আলো/কেএইচ