লক্ষ্মীপুরের রামগতিতে উদ্ধার হওয়া একটি শক্তিশালী তাজা রাইফেল গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনের একটি বালুর ঢিবিতে বিশেষ প্রক্রিয়ায় গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত বিস্ফোরকটি সামরিক অস্ত্রাগারের (মিলিটারি অর্ডিন্যান্স) একটি তাজা ‘রাইফেল গ্রেনেড’। খবর পেয়ে পুলিশের একটি দক্ষ বোম্ব ডিসপোজাল ইউনিট এসে প্রাথমিক যাচাই-বাছাই শেষে দুপুর ২টায় নিরাপদ স্থানে বিস্ফোরণটি ঘটায়।
বিস্ফোরণ ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনাকালে রামগতি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ড. শামসুল আলম এবং রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ড. শামসুল আলম জানান, গ্রেনেডটি সফলভাবে ধ্বংস করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে।
সময়ের আলো/আতা