বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান ফেসবুকে হত্যার হুমকির অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে আইনি পদক্ষেপের অংশ হিসেবে তিনি পল্টন মডেল থানায় জিডি করেন। নাদিম হাসান ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বাসিন্দা।
নাদিম হাসানের অভিযোগ, ‘ইঞ্জিনিয়ার রায়হান উদ্দিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁকে হত্যার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়েছে।
এ বিষয়ে নাদিম হাসান বলেন, রাজনীতি করার কারণে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অন্যায়-অনিয়মের প্রতিবাদ করায় তিনি প্রায়ই বিভিন্ন আইডি থেকে হুমকি পান। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি জিডি করেছেন।
তিনি আরও বলেন, তাঁর ধারণা, রাজনৈতিক ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা থেকেই তাঁকে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, এই বিষয়ে একটি সাধারণ ডায়রি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আতা