ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি ভান্ডারিয়া মহাসড়কের রাজাপুর অংশের বড় কৈবর্তখালী সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বেল্লাল সরদারের ছেলে মেহেদী (২৪) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকার বাসিন্দা, বরিশালের চরমোনাই মাদরাসার কোরআন শিক্ষা বোর্ডের ইংরেজি বিভাগের শিক্ষক এবিএম আব্দুর রহিম।
পুলিশ জানায়, বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়া উপজেলার দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত থ্রিহুইলার। পথে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে বাস ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রিহুইলারের দুই যাত্রী নিহত হন।
রাজাপুর থানার ওসি (তদন্ত) ফিরোজ কামাল জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত চারজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্তে কাজ করছে পুলিশ।
সময়ের আলো/জোই