সম্পত্তির বিরোধে বোনের হাতে ভাই খুন!

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে পৈত্রিক সম্পত্তির বিরোধে মো. রফিক প্রকাশ মনা (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ

2026-07-31T23:48:20+00:00
2026-07-31T23:51:08+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সম্পত্তির বিরোধে বোনের হাতে ভাই খুন!
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১১:৪৮ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ১১:৫১ পিএম
নিহত মো. রফিক প্রকাশ মনা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে পৈত্রিক সম্পত্তির বিরোধে মো. রফিক প্রকাশ মনা (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বোন রোজি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈদিলপুর মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীর ছেলে মো. কাসেম বাদী হয়ে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, রফিকের দুই সংসার। তার দ্বিতীয় স্ত্রীর সন্তানরা উপজেলার লেলাং ইউনিয়নের চারালিয়া হাট এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার রাতে সৎভাই হাসান ফোন করে কাসেমকে জানান, তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাবার মরদেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মামলার বাদী কাসেম অভিযোগ করে বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে তার ফুফু রোজি আক্তার ও সৎভাই হাসানদের সঙ্গে তার বাবার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়।


তিনি বলেন, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে তার বাবাকে মারধর করে হত্যা করা হয়েছে এবং ঘটনাটি স্ট্রোক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রাথমিকভাবে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত রোজি আক্তারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   সম্পত্তি  বিরোধ  বোনের হাতে ভাই খুন  ফটিকছড়ি  চট্টগ্রাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: