আগস্ট মাসে সরকারি ছুটির সঙ্গে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করা সম্ভব হলে, চাকরিজীবীরা দুদফায় ৮ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। দুদফায় এক দিন করে ছুটি নিলেই ৪ দিন ছুটি পাওয়ার সুযোগ মিলতে পারে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে, সেদিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
অন্যদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে, এ ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে, ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হয়। অনেক বেসরকারি প্রতিষ্ঠানেও এ উপলক্ষে ছুটি দেওয়া হয়ে থাকে। তবে, জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটির নিয়ম প্রযোজ্য হবে না।
সময়ের আলো/মহু