ভারতের কেরালা রাজ্যের চাঙ্গানাসেরিতে আয়োজিত একটি বিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিয়েটিতে বর, কনে, পুরোহিত এবং সহযোগী সবাই ছিলেন যমজ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চাঙ্গানাসেরির মেট্রোপলিটন চার্চে এই বিয়ে অনুষ্ঠিত হয়। এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই অনুষ্ঠানে যমজ ভাই অখিল কে থমাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন যমজ বোন ম্যাগি মেরি থমাস। একইসঙ্গে অখিলের যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে বিয়ে হয় ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের।
বিয়েটি পরিচালনা করেন কাঞ্জিরাপল্লি ডায়োসিসের দুই যমজ পুরোহিত- ফাদার অ্যান্টো পেজুমকাত্তিল এবং ফাদার অ্যাজো পেজুমকাত্তিল। এমনকি গির্জার বেদিতে পুরোহিতদের সহায়তাকারী দুই কিশোরও ছিল যমজ ভাই- জেরন জেমস ও জোহন জেমস।
দুই পরিবারের আপনজনদের মতে, এমন বিয়ের আয়োজন ছিল দুই পরিবারের বহু বছরের লালিত স্বপ্নের বাস্তবায়ন।
কনে ম্যাগি ও মারিয়া জানান, ছোটবেলা থেকেই তাদের ইচ্ছা ছিল যমজ ভাইদের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা এবং বিয়েতে পরিবেষ্টিত থাকবে যমজ মানুষেরাই। তাদের পিতামাতা ও পরিবারও এটি চেয়েছিল।
তারা আরও জানান, যমজ পুরোহিতদের খুঁজে পেতে তাদের বেশ বেগ পেতে হয়েছিল। পরে যমজদের জন্য বিশেষ পরিচিত কোঠানাল্লুরের একটি চার্চের মাধ্যমে তারা ফাদার অ্যান্টো ও ফাদার অ্যাজোকে খুঁজে পান। যখন তারা পুরোহিতদের আমন্ত্রণ জানান, সঙ্গে সঙ্গেই রাজি হন।
বিয়ে পরিচালনা করা যমজ পুরোহিতদের জন্যও এটি ছিল বিরল ও স্মরণীয় অভিজ্ঞতা।
এক সাক্ষাৎকারে তারা জানান, যমজ দম্পতির বিয়ে পরিচালনা করার অভিজ্ঞতা অত্যন্ত বিশেষ। এটি সারা জীবনের জন্য মনে রাখার মতো একটি ঘটনা। তারা একসঙ্গে জন্মগ্রহণ করেছে এবং এখন একসঙ্গে নতুন জীবনের অধ্যায় শুরু করছে। আমরাও একসঙ্গে ধর্মযাজকতার পথে এসেছি।
উল্লেখ্য, বর অখিল ও নিখিল পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা। অন্যদিকে, কনে ম্যাগি ও মারিয়া কর্মরত আছেন তথ্যপ্রযুক্তি খাতে। দুই পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের আনন্দমুখর উপস্থিতিতে ব্যতিক্রমী এই বিয়ে সম্পন্ন হয়।
সময়ের আলো/মহু