ওপেন-এআই লঞ্চ করেছে ‘হেলথ ইন চ্যাটজিপিটি’ নামে নতুন একটি ফিচার। আপনার স্বাস্থ্যের আপডেট দেবে এই এআই প্ল্যাটফর্ম। কিন্তু কীভাবে কাজ করবে এই হেলথ অ্যাপ?
হেলথ ইন চ্যাটজিপিটি এমন একটি ফিচার, যেখানে ইউজাররা আরও ভালোভাবে নিজেদের মেডিক্যাল রেকর্ড বিশ্লেষণ করতে পারবে। অ্যাপল হেলথের ডেটা থেকে শুরু করে মেডিক্যাল রিপোর্ট সব তথ্যই চ্যাটজিপিটি বিশ্লেষণ করে ইউজারকে হেলথ আপডেট দেবে।
এছাড়াও ইউজাররা নতুন ও পুরনো ল্যাব রিপোর্ট তুলনা করতে পারবেন। চিকিৎসার পর স্বাস্থ্যের কতটা পরিবর্তন হচ্ছে, তা বুঝতে পারবেন। ঘুম, ব্যায়াম ও দৈনন্দিন অভ্যাসগুলি কতটা সঠিকভাবে হচ্ছে, তার ডেটা বিশ্লেষণ করতে পারবেন। পাশাপাশি, চিকিৎসকের সঙ্গে আলোচনার জন্য প্রশ্নও প্রস্তুত করতে পারবেন। এমনকি স্বাস্থ্যসংক্রান্ত জটিল তথ্য বিশ্লেষণ, সহজ ভাষায় চিকিৎসাসংক্রান্ত ব্যাখ্যা, কোন তথ্য কখন প্রয়োজন এবং কখন চিকিৎসকের পরামর্শ জরুরি হতে পারে তাও জানা যাবে এই ফিচারের মাধ্যমে।
ওপেন-এআই জানিয়েছে, প্রতি সপ্তাহে ৩০ কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্ন নিয়ে চ্যাটজিপিটি ব্যবহার করেন। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ওষুধপত্র, চিকিৎসকের প্রেসক্রিপশন সম্পর্কে জানা ও বোঝা অনেক সহজ হয়ে যাবে।
তবে অনেকেই মনে করছেন, এই পরিষেবায় ব্যক্তিগত তথ্য, মেডিক্যাল রেকর্ড শেয়ার করলে তা সুরক্ষিত থাকবে কিনা। এক্ষেত্রে ওপেন-এআই জানিয়েছে, এই প্ল্যাটফর্মে ইউজাররা যা যা ডেটা শেয়ার করবেন, সবটাই ‘এনক্রিপটেড’ থাকবে। অর্থাৎ ইউজারের ডেটা বাইরের কোনো থার্ড পার্টি অ্যাপ বা অন্য কোনোভাবে ফাঁস হয়ে যাবে না।
অবশ্য বিশেষজ্ঞদের মতে, এটি কখনোই চিকিৎসকদের বিকল্প হতে পারে না।
প্রাথমিকভাবে আমেরিকায় এই পরিষেবা চালু হয়েছে। সেখানে ১৮ বছর বা তার বেশি বয়সীরা এই চ্যাটজিপিটি হেলথে লগইন করতে পারবেন। ইউজাররা চ্যাটজিপিটির ‘ওয়েব’ এবং আইওএস-এ ‘ফ্রি’, ‘গো’, ‘প্লাস’ ও ‘প্রো’ প্ল্যানে এই ফিচার ব্যবহারের সুবিধা পাবেন।
সময়ের আলো/মহু