কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী উলুবুনিয়া পুরাতন বিজিবি পোস্ট সংলগ্ন ফসলের জমি ও ডেইলপাড়া চেকপোস্টের উত্তর দিকে বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে শুক্রবার (৩১ জুলাই) রাতে পৃথক অভিযানে ৫ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি।
শনিবার (১ আগস্ট) উখিয়া ব্যাটালিয়নের ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত ৮ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী উলুবুনিয়া পুরাতন বিজিবি পোস্ট সংলগ্ন ফসলের জমির পাশ দিয়ে ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে।
পরবর্তীতে চোরাকারবারীরা মাদকদ্রব্য নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ফাঁকা গুলি করায় তাদের হাতে থাকা ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ১টি ব্যাগের মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ১১টি কার্ট থেকে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লক্ষ টাকা।
অপরদিকে, একইদিন রাত আনুমানিক ১১ টা ২৯ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তবর্তী বিজিবি ডেইলপাড়া চেকপোস্টের উত্তর দিকে বেড়িবাঁধ সংলগ্ন দিয়ে ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল চোরাকারবারীদেরকে ধাওয়া করে।
পরবর্তীতে চোরাকারবারীরা তাদের হাতে থাকা ১টি পলিথিনের ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে ডেইলপাড়া গ্রামের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ১টি পলিথিন ব্যাগের ভিতরে খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ৬ টি কার্ট থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা।
চোরাকারবারীদেরকে গ্রেফতারে চিরুনি অভিযান পরিচালনা করা হলেও পলাতকদের আটক করা সম্ভব হয়নি।
উখিয়া বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সময়ের আলো/আতা