মাদলের তালে ঝুমুর নাচে ঐতিহ্যবাহী সোহরাই উৎসব

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

খোঁপায় নানান রঙের ফুল। কারও মাথায় রঙিন কলস। শাখা-সিঁদুর আর বাহারি রঙের পোশাকে সেজেছেন একদল নারী। অন্যদিকে সাদা গেঞ্জি ও

2026-11-11T21:32:15+00:00
2026-11-11T21:32:15+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাদলের তালে ঝুমুর নাচে ঐতিহ্যবাহী সোহরাই উৎসব
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম 
ধামইরহাটে মাদলের তালে ঝুমুর নাচে ঐতিহ্যবাহী সোহরাই উৎসব উদযাপন। ছবি : সময়ের আলো
খোঁপায় নানান রঙের ফুল। কারও মাথায় রঙিন কলস। শাখা-সিঁদুর আর বাহারি রঙের পোশাকে সেজেছেন একদল নারী। অন্যদিকে সাদা গেঞ্জি ও রঙিন জামার সঙ্গে ধুতি পরে পুরুষেরা মাদল বাজাচ্ছেন, নারীরা সেই মাদলের তালে তালে নাচছেন। এই উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে এসে ভিড় করে মানুষ।

নওগাঁর ধামইরহাটে গোয়ালপূজাকে কেন্দ্র করে ২৫তম ঐতিহ্যবাহী সোহরাই উৎসব উদযাপন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়। তাদের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে দুপুরের দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 

সোহরায় উৎসব উদ্বোধন করেন জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিচালক যোগেন্দ্র নাথ সরকার। অনুষ্ঠানের আয়োজন করে কুমড়ইল (বেড়ায়াড়া) সোহরাই উৎসব কমিটি ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নিভৃত সীমান্ত পল্লী আগ্রাদ্বীগুন ইউনিয়নের কুমরইল (বেড়াআড়া) আদিবাসী স্কুল মাঠে লক্ষ্মী ভাণ্ডারে (কাড়শা ভাণ্ডার) মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন উপজেলা ভূমি কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোহরাই উৎসব উদযাপন কমিটির সভাপতি বিশত তিগ্যা।

দিনব্যাপী ঐতিহ্যবাহী এই সোহরাই উৎসব ঘিরে দুপুরের পর থেকে নওগাঁ, রংপুর, পোরশা, জয়পুরহাট, সাপাহার, দেবীপুর, পত্নীতলা এবং বদলগাছীসহ বিভিন্ন এলাকা থেকে নৃত্য পরিবেশনের জন্য দলবদ্ধ হয়ে অনুষ্ঠানে সমবেত হতে শুরু করেন সাঁওতাল মুন্ডা ও ওরাওঁ সম্প্রদায়ের বিভিন্ন বয়সি নৃত্যশিল্পীরা।

সরেজমিনে দেখা যায়, কুমরইল (বেড়াআড়া) আদিবাসী স্কুলের খোলা মাঠের মাঝে একটি বাঁশের মাথায় সাদা পতাকা (ঝান্ডি) বাঁধার পর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে নারী-পুরুষদের নাচ গান। ৬৩টি সাংস্কৃতিক দল নাচ গানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী নৃত্য শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবে আগত ওরাওঁ, মুন্ডা ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ উৎসবে ওরাওঁ, সিং, মাহাতো, পাহান, মাহালী, হারি, বেদে ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা একত্রিত হয়ে উৎসব পালন করেন। তবে উৎসবের সাতদিন আগে থেকে নিজ নিজ গ্রামে কারাম বৃক্ষের নিচে উপোস থেকে পূজা আর্চনা করতে হয় তাদের। 

এ সময় বিভিন্ন বাড়ি থেকে চাল, ডাল, অর্থ সংগ্রহ করে আমন্ত্রিত অতিথি ও আত্মীয়স্বজনদের জন্য ভূরিভোজের ব্যবস্থা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথি ও স্বজনদের নিয়ে ঢাক ঢোল পিটিয়ে সারারাত চলে ভাদরিয়া ঝুমুর গান ও যৌথ নাচ। 

জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিচালক যোগেন্দ্র নাথ সরকার বলেন, ওরাওঁরা নিজ নিজ বাড়ির চারপাশ তুলসীতলা, ধানখেত, বাঁশবাগান ও তাদের সমাধিস্থলে মাটির তৈরি প্রদীপ জ্বালিয়ে শুরু করেন ‘সোহরাই’। 

তিনি আরও বলেন, সকাল থেকে চলে গোয়াল পূজা ও গবাদিপশুর বিশেষ যত্নআত্তি। বাড়িঘর ধুয়ে মুছে, উঠোন নিংড়ে বয়স্করা হাঁড়িয়া পান করেন। এই উৎসব ঘিরে বিবাহিত মেয়েরা তাদের বাবার বাড়িতে যাওয়ার সুযোগ পান। পুরুষদের পাশাপাশি এই উৎসবে নারীদের ভূমিকা অপরিসীম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং বাঙালি জাতির শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। 

সাজ্জাদ পারভেজ আরও বলেন, এই অবদানকে এগিয়ে নিয়ে যেতে হলে ছেলেমেয়েদের শিক্ষিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে হবে। এ কারণে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। 

সময়ের আলো/আতা
  বিষয়:   খোঁপা  রঙ  ফুল  মাথা  রঙিন  কলস  শাখা  সিঁদুর  পোশাক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: