প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম আপডেট: ১১.১১.২০২৬ ৯:০৮ পিএম
বেড়ায় নানা অনিয়মের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ছবি : সময়ের আলো মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় এবং বিএমডিসি নিবন্ধনের মেয়াদ না থাকাসহ নানা অনিয়মের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ফার্মেসিকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পাবনার বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিএমডিসি নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ থাকা, অপারেশনের নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ না করা এবং সঠিক তথ্য প্রদানে ব্যর্থতার মতো নানা অনিয়ম পাওয়া যায়। এ অভিযোগে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইনে ওই হাসপাতালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, আমিনপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে সাবিলা মেডিসিন কর্নার, এবং মধু ফার্মেসিকে ওষুধ ও কসমেটিকস আইনের ধারায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এমকে রাজু,ডা. মাহমুদুল করিম ,ওষুধ প্রশাসন অধিদপ্তর পাবনার ড্রাগ সুপার মিঠুন সাহা ও ড্রাগ ইন্সপেক্টর মাহমুদুল ইসলাম এবং আমিনপুর থানা পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আতা