বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় একটি মাদরাসার সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, গত ৩১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুম বিল্লাহ নাটোরের সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলার আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাদরাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে পর্দার আড়ালে নিয়ে বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক।
পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সময়ের আলো/এসএকে