রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন হালিমা ইয়াসমিন মুক্তা। বর্তমানে তিনি লিথুয়ানিয়ার কাউনাসে অবস্থিত লিথুয়ানিয়ান স্পোর্টস ইউনিভার্সিটিতে ‘ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ম্যানেজমেন্ট’ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।
ফেস্টিভ্যালের আয়োজক রাশিয়ার যুববিষয়ক সংস্থা ‘রসমোলোদিওঝ’ ও ইয়ুথ ফেস্টিভ্যাল অধিদপ্তর গত ফেব্রুয়ারিতে বিশ্বের ১৯১টি দেশের তরুণদের কাছ থেকে আবেদন আহ্বান করে। প্রতিযোগিতামূলক বাছাই শেষে মুক্তা ‘ফুল-ফান্ডেড’ অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত হয়েছেন। ফলে যাতায়াত, আবাসনসহ তার অংশগ্রহণ-সংক্রান্ত সব ব্যয় বহন করবে আয়োজক কর্তৃপক্ষ।
সৃজনশীল শিল্প, জনপ্রশাসন, বিজ্ঞান ও শিক্ষা, ক্রীড়া, উদ্যোক্তা, মিডিয়া-ডিজিটালাইজেশন ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন নেওয়া হয়। মুক্তা ‘সৃজনশীল শিল্প’ এবং ‘মিডিয়া-ডিজিটালাইজেশন ও আইটি’— এই দুই বিভাগে আবেদন করে নির্বাচিত হন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন লালমাটিয়া মহিলা কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক শেষ করে পর্যটন খাতে কর্মজীবন শুরু করেন মুক্তা। তিনি ‘শেয়ারট্রিপ’ ও শ্রীলঙ্কাভিত্তিক প্রতিষ্ঠান ‘উইংস ট্রাভেলস’-এ ভিসা প্রসেসিং অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন। পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনায় উচ্চশিক্ষার জন্য গত ডিসেম্বরে লিথুয়ানিয়ায় যান তিনি।
নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে মুক্তা বলেন, আবেদন করার পর নির্বাচিত হওয়ার আশা ছিল না। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি গর্বিত। তার ভাষায়, এই প্ল্যাটফর্মে দেশের সংস্কৃতি ও সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ মিলবে।
ফেস্টিভ্যাল থেকে আন্তর্জাতিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে নিজের স্টার্টআপ গড়ে তোলার জন্য বিনিয়োগকারী ও মেন্টর খুঁজে পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।
আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যাল। এতে বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার তরুণ-তরুণী অংশ নেবেন, যার মধ্যে পাঁচ হাজার আন্তর্জাতিক প্রতিনিধি। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে এবার মোট ৯০ জন প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচন প্রক্রিয়া চলমান থাকায় চূড়ান্ত সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
সময়ের আলো/কেএইচ