জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলায় অশোক কুমার দাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে।
মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছোট ছেলে সিদ্ধেশ্বর পেশায় লোহার কর্মকার ছিলেন। দীর্ঘদিন ধরে বড় ভাই অশোকের সঙ্গে তার জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল।
২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনের বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর। এ সময় বড় ভাই অশোক ঘটনাস্থলে এসে দোকানের ভারী হাতুড়ি দিয়ে ছোট ভাই সিদ্ধেশ্বরের মাথায় সজোড়ে আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে প্রতিহত করার চেষ্টা করলে অশোক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় ঘোষণা করেন।
সময়ের আলো/জোই