ইরানে প্রবেশের চেষ্টাকালে তীব্র গরম ও পানির অভাবে মরুভূমিতে ১৯ জন আফগান অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশ থেকে আসা এ ১৯ জন পুরুষ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ইরানে যাওয়ার চেষ্টা করছিলেন। পথে তীব্র তাপ ও পানির সংকটে তারা মরুভূমিতে আটকে পড়েন এবং তৃষ্ণা ও গরমে মারা যান।
নিমরোজের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম জানান, নিখোঁজদের সন্ধানে চালানো উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নিমরোজের রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, নিকটবর্তী ‘মৃত্যুর উপত্যকা’ নামে পরিচিত দাশ্ত-এ মার্গো মরুভূমি থেকে আরও ৫ জনের মরদেহ পাওয়া গিয়েছিল। সর্বশেষ ১৪ জনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে ওই দলের সবাই মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রাদেশিক মুখপাত্র আব্দুল মুতাওয়াকিল তাওয়াহিদি জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা দুর্গম এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে স্থানান্তর করেছেন। নিহতরা সবাই বাদঘিস প্রদেশের একই গ্রামের বাসিন্দা ছিলেন। কাজের খোঁজে ও ভালো জীবনের আশায় তারা দেশ ছেড়ে ইরানে পৌঁছানোর চেষ্টা করছিলেন।
ইরান ও পাকিস্তানের সীমান্তবর্তী নিমরোজ প্রদেশ আফগান অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট রুট। তবে বিশাল বালিয়াড়ি, রুক্ষ ভূমিরূপ এবং গ্রীষ্মকালে ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা থাকায় এ অঞ্চলের মরুভূমি পার হওয়া অত্যন্ত বিপজ্জনক। মানবাধিকার ও মানবিক সাহায্য সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে। গ্রীষ্মে এসব রুটে পানিশূন্যতা, চরম আবহাওয়া ও অতিরিক্ত ক্লান্তির কারণে অভিবাসীরা প্রাণ হারাতে পারেন।
সময়ের আলো/ইউএমএইচ