ময়মনসিংহের ত্রিশালে অনুমোদনহীনভাবে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ আগস্ট) বিকেলে ত্রিশাল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভবনের নকশা অনুমোদন না নিয়ে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগে দুই ভবন মালিককে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে কাজল মোদককে ১ লাখ টাকা এবং ফেরদৌস মোর্শেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ত্রিশাল থানার পুলিশ সদস্য, ত্রিশাল পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অনুমোদনহীন ও অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/মহু