বিশ্ববাজারে সরবরাহ কমে যাওয়ায় সালফারের দাম ১৩৪ শতাংশ বেড়েছে। ফলে সার উৎপাদন ব্যয় বাড়ছে এবং বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বুল থিওরি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে সালফারের দাম বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক সমুদ্রপথে পরিবহন হওয়া সালফারের প্রায় অর্ধেকই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে সালফারের সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চলাকালে সাড়ে তিন মাসে হরমুজ প্রণালী দিয়ে মাত্র ৮০ হাজার টন সালফার পরিবহন হয়েছে। তবে উত্তেজনা কমাতে সমঝোতা হওয়ার পর একই পথ দিয়ে ৬ লাখ ৪০ হাজার টন সালফার পরিবহন করা হয়েছে।
সালফার সার তৈরির একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাই এর দাম বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী সার উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে কৃষি ও খাদ্যপণ্যের দামের ওপর প্রভাব ফেলতে পারে।
সময়ের আলো/আআ