নওগাঁর বদলগাছীতে জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন হাসান রমন (৪২) নামে যুবদল নেতার বাঁ হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ওই নেতা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাসান উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা। তিনি মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।
অভিযুক্তরা হলেন একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম। স্থানীয় সূত্রের দাবি, মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং আমেনা বেগম একই ওয়ার্ডের সভানেত্রী।
তথ্যসূত্রে জানা যায়, রোববার বিকেলে জমির আইল কাটা নিয়ে হাসান রমনের সঙ্গে মিজানুর রহমানের কথা কাটাকাটি হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মিজানুর রহমান ধারালো হাসুয়া দিয়ে হাসান রমনের বাঁ হাতে কোপ দিলে তার কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গেলে তার মা বিউটি বেগমকেও এলোপাথাড়িভাবে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে মা-ছেলে দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত হাসানের বাবা ও মামলার বাদী দুদু মিয়া বলেন, ‘আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, ‘অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে অভিযুক্ত মিজানুর রহমান দাবি করেন, ‘আমার জমির বড় আইল হাসান কেটে ফেলেছে। এ নিয়ে তর্কাতর্কি হয়। পরে তারা ৬-৭জন মিলে আমার বাড়িতে হামলা করে। আমার হাতে ঘাস কাটার হাসুয়া ছিল। ধস্তাধস্তির একপর্যায়ে সেটির আঘাতে হাসানের হাতের কবজি কেটে যায়।’
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’
সময়ের আলো/মহু