প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে যে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষার সংস্কৃতি চালু করেছিলেন, বর্তমানে একটি নতুন দলের নেতারা সেই একই ধারার পুনরাবৃত্তি করছেন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রাঙ্গণে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই আন্দোলন দীর্ঘ ১৭ বছরের অত্যাচার-নির্যাতনের বহিঃপ্রকাশ। এটি কোনো একদিনের আন্দোলন নয়। নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য সংঘটিত এই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা সবসময়ই আজেবাজে কথা বলতেন। তিনি রাজনীতিকে একটি জঘন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। এত অবিচার-জুলুম সহ্য করার পরও আমরা তার কঠোর সমালোচনা করেছি, কিন্তু কখনও অশ্লীল বা কুরুচিপূর্ণ মন্তব্য করিনি। শেখ হাসিনা যে বাজে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে গিয়েছিলেন, আজ একটি নতুন দলের নেতারা সেই পথেই হাঁটছেন।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়েছিলেন, তখন তরুণ সমাজ সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছিল। এখন কেন সেই একই ভাষা ও আচরণের পুনরাবৃত্তি করা হচ্ছে? এভাবে চলতে থাকলে শেখ হাসিনাই খুশি হবে, সুযোগ নেবে এবং দেশে ফিরে আসার স্বপ্ন দেখবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এই আন্দোলনে শেখ হাসিনার পতন না হলে শুধু রাজনীতিবিদ নয়, অসংখ্য শিক্ষার্থীকেও ভয়াবহ পরিণতি ভোগ করতে হতো। আমাদের অনেকেরই ফাঁসি হতে পারত।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম এবং সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক (নার্সেস ও স্বাস্থ্য সহকারী) সুজন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাবের বিএমইউ শাখার সভাপতি শারমিন আক্তার।
সময়ের আলো/কেএইচও