জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললেও সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনবিচ্ছিন্ন এই দলটির কোনো জবাবদিহিতাও নেই।
রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘পাহাড়ে জুলাই-সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি দেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারেনি। দেশের ইতিহাসে এই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই একটি মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বিভাজন ও সংকটের জন্য ক্ষমতায় থাকা দলগুলোই দায়ী। নির্বাচনের আগে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল এবং জুলাই সনদের সমস্ত সংস্কার করার কথা বললেও এখন তা থেকে সরে এসেছে।
পাহাড়ের বাসিন্দাদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু সমতলের কোনো ঘটনা নয়, এটি পাহাড় ও সমতলের যৌথ আন্দোলন। চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা ও বাঙালি— সবাই রাজপথে নেমে এসেছিল। গণতন্ত্র ও জুলাই সনদের প্রশ্নে পাহাড়ের মানুষ ঐক্যবদ্ধ থাকবে এবং এই সনদ কীভাবে পাহাড়ের মানুষের উপকারে আসবে, তা সবাইকে বোঝাতে হবে।
বর্তমান সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, অত্যন্ত দুঃখের বিষয় যে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাহাড়ের কোনো প্রকৃত প্রতিনিধি নেই। মন্ত্রিসভায় ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একজন প্রতিনিধি রাখা হলেও নির্বাচনের কিছুদিন পর তাকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি সমতলের বাঙালি, পাহাড়ের কেউ নন। এতে প্রমাণিত হয় যে সরকার পাহাড়ি জনগোষ্ঠী বা সেখানকার বাঙালিদের যথাযথ মূল্যায়ন করছে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, আপনাদের সম্প্রদায়ের প্রতিনিধি দীপেন দেওয়ান সাহেবকে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, যা আপনাদের সঙ্গে স্পষ্ট প্রতারণা।
এনসিপির বিস্তার সম্পর্কে নাহিদ ইসলাম জানান, পাহাড় থেকে সমতল— সবখানেই এনসিপি কাজ করবে। ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমশক্তিকে সঙ্গে নিয়ে প্রতিটি উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই বিশেষ গুরুত্ব দিয়ে এনসিপি অংশ নেবে।
সময়ের আলো/জোই