বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬ ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। ক্লাব মৌসুমের পারফরম্যান্সের পাশাপাশি সদ্য শেষ হওয়া বিশ্বকাপও এবারের ভোটে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সে কারণেই বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্স দেখানো কয়েকজন তারকা এখন পুরস্কার জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট তাদের সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে ব্যালন ডি’অর জয়ের সম্ভাব্য সেরা পাঁচ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি, যিনি বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্যের জন্য গোল্ডেন বল জিতেছেন।
বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ, রক্ষণে ভারসাম্য এবং ম্যাচের ছন্দ ধরে রাখার ক্ষেত্রে রদ্রির অবদান ছিল অনন্য। যদিও ম্যানচেস্টার সিটিতে ইনজুরি কাটিয়ে ফেরার কারণে ক্লাব মৌসুমের শুরুটা খুব একটা স্মরণীয় ছিল না, তবু বিশ্বকাপের পারফরম্যান্স তাকে আবারও ব্যালন ডি’অরের সবচেয়ে শক্তিশালী দাবিদারে পরিণত করেছে।
দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করে তিনি ইউরোপের অন্যতম সফল গোলস্কোরারে পরিণত হন। একই সঙ্গে বায়ার্নকে লিগ ও কাপের ডাবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্বকাপেও ছয় গোল করে ইংল্যান্ডকে দীর্ঘদিন পর উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছেন এই স্ট্রাইকার।
তালিকার তিন নম্বরে জায়গা পেয়েছেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ইউরো এবং বিশ্বকাপ- দুই বড় আন্তর্জাতিক ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করেছেন তিনি। বার্সেলোনার হয়েও ২৪ গোল ও ১৮ অ্যাসিস্ট করে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন ইয়ামাল, যা তাকে ব্যালন ডি’অরের অন্যতম আলোচিত প্রার্থী বানিয়েছে।
চতুর্থ অবস্থানে আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জয়ের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। যদিও ক্লাব পর্যায়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি, ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন ধারাবাহিক।
শীর্ষ পাঁচের শেষ নামটি লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলতে আট গোল করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি। দল শেষ পর্যন্ত শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টে তার নেতৃত্ব ও পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, বড় মঞ্চে এখনও ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য তার আছে।
বিশ্বকাপের পারফরম্যান্স, ক্লাব পর্যায়ের অর্জন এবং ব্যক্তিগত পরিসংখ্যান। সবকিছু মিলিয়ে এবার ব্যালন ডি’অরের লড়াই বেশ জমে উঠেছে। আগামী অক্টোবরে বিজয়ীর নাম ঘোষণা হওয়ার আগ পর্যন্ত এই পাঁচ তারকার মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে