সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে এক সপ্তাহে ১২ হাজার ৬১৩ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে গ্রেফতার করা হয়েছে ১৪ হাজার ১৫৪ জনকে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়। গ্রেফতার হওয়াদের মধ্যে ৭ হাজার ১০৩ জন আবাসন আইন, ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন এবং ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।
এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪১৮ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা চাকরি দেওয়ার অভিযোগে আরও ১৭ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৪২৪ জন দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করছেন।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, পরিবহন, আশ্রয় বা চাকরি দেওয়ার মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ এবং অভিযুক্তের পরিচয় প্রকাশের মতো কঠোর শাস্তি দেওয়া হতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ