ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্ক সিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। ফলে, দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে সদর উপজেলার সদান্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ট্রেনটির শিকল টেনে গতি থামানো হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, লাইনচ্যুত বগি উদ্ধার করে রেলপথ সচল করতে উদ্ধারকারী দল কাজ করছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সময়ের আলো/মহু