লক্ষ্মীপুর প্রশাসনের উদ্দেশে পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জেলায় অপরাধের সংখ্যা কমিয়ে আনতে হবে। কোনো রাজনৈতিক নেতাকর্মী সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তার করে ফায়দা নেবে— লক্ষ্মীপুরে এ সুযোগ নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা যারা রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছি, বিভিন্নভাবে নেতাকর্মীদের এ বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছি। কিন্তু কোনো অফিসে গিয়ে কেউ রাজনৈতিক প্রভাব বিস্তার করে সুবিধা আদায় করে নেবে এবং প্রশাসনও তা ছাড় দিয়ে যাবে— এমন সুযোগ নেই।
তিনি আরও বলেন, অগ্রাধিকারের দিক থেকে আগে জনগণ ও এলাকা— সে বিষয়টি নিশ্চিত করে জেলার আইনশৃঙ্খলা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রশাসন বাস্তবায়ন করবে। সে ব্যাপারে আমরা কখনো প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করব না। আমরা চাই, নিয়ম অনুযায়ী আমাদের সরকার জনগণের জন্য যে কাজ করতে চায়, তা যেন সফলভাবে বাস্তবায়ন করতে পারি।
মন্ত্রী নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, আমাদের সরকারের যেন কোনো দুর্নাম না হয়, সে জন্য আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি। কেউ কোনো অফিসে গিয়ে হুমকি-ধমকি দেবে না এবং টেন্ডারবাজিতে অংশ নেওয়ারও কোনো সুযোগ নেই। কেউ যদি নিয়ম মেনে ব্যবসা করতে চায়, করবে; কিন্তু নিয়মের বাইরে গিয়ে প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়া হবে না। কেন্দ্রীয়ভাবে বিএনপির পক্ষ থেকেও এ ধরনের কঠোর নির্দেশনা রয়েছে।
এ সময় ৪ আগস্ট জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে শহিদ ও আহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন পানিসম্পদ মন্ত্রী।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ৫ আগস্ট জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি পালনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ৫ আগস্ট জুলাই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির এখন আর ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়ার কিছু নেই। আমাদের একমাত্র লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সে অনুযায়ী বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং পুলিশ সুপার মো. আবু তারেক।
সময়ের আলো/জোই