২০১৭ সালে ছোট পর্দায় মুক্তি পায় ‘বড় ছেলে’ নাটক। নাটকটিতে মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের গল্প তুলে আনেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। দর্শকমনে বিশেষ জায়গা করে নিয়েছিল এই নাটকটি। অপূর্ব ও মেহজাবীনের অভিনীত এই নাটকটি ইউটিউবেও একাধিক রেকর্ড গড়েছিল সে সময়।
প্রায় এক দশক পরে ছোট পর্দায় এবার আসছে নতুন নাটক ‘ছোট ছেলে’। তবে এটি ‘বড় ছেলে’র ধারাবাহিকতা নয়। আনিসুর রহমান রাজিব পরিচালিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। আগামী বৃহস্পতিবার সান ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। একইসঙ্গে এ নাটকের মাধ্যমে যাত্রা শুরু করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া।
নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
নাটকটি নিয়ে আরশ খান বলেন, এটি একটি আবেগঘন পারিবারিক গল্প, যেখানে দর্শক নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাবেন। নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটক হিসেবে দর্শকদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সুনেরাহ বিনতে কামাল জানান, তিনি সবসময় গল্পনির্ভর কাজকে গুরুত্ব দেন। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র ও পুরো টিমের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে। নতুন একটি প্ল্যাটফর্মের প্রথম প্রযোজনার অংশ হতে পেরে তিনি আনন্দিত।
প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া জানিয়েছে, শুধু নাটক নির্মাণ নয়, দেশীয় সংস্কৃতি, জীবনবোধ ও মৌলিক গল্পকে আধুনিক উপস্থাপনার মাধ্যমে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতে নিয়মিত নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব কনটেন্টসহ বিভিন্ন ডিজিটাল আয়োজন প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
সময়ের আলো/এসএকে