টানা তিন দিনের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে টানা তিন দিনের ছুটি পেয়ে শিল্পাঞ্চল গাজীপুর ছেড়ে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছেন লাখো কর্মজীবী

2026-08-05T10:21:01+00:00
2026-08-05T10:35:39+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
টানা তিন দিনের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:২১ এএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ১০:৩৫ এএম
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে টানা তিন দিনের ছুটি পেয়ে শিল্পাঞ্চল গাজীপুর ছেড়ে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছেন লাখো কর্মজীবী মানুষ। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে অতিরিক্ত ভাড়া, টিকিট সংকট ও যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় যাত্রীদের ব্যাপক চাপ লক্ষ্য করা যায়।

শিল্প পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দুই দিনের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার যুক্ত হওয়ায় তৈরি হয়েছে টানা তিন দিনের ছুটি। এ সুযোগে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক-কর্মচারীরা পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা ত্রিমোড়ে ভোর থেকেই যাত্রীদের চাপ বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। শুধু শ্রমিকই নয়, গাজীপুরে বসবাসরত বিভিন্ন পেশার মানুষও পরিবার নিয়ে গ্রামের পথে রওনা দিয়েছেন।

যাত্রীদের অভিযোগ, বাড়তি চাহিদার সুযোগে অনেক পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। চন্দ্রা এলাকার কয়েকটি বাস কাউন্টারে কৃত্রিম টিকিট সংকট দেখিয়ে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানেও একই চিত্র দেখা গেছে। কাঙ্ক্ষিত পরিবহন না পেয়ে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা সড়কের পাশে অপেক্ষা করতে হয়েছে। বিভিন্ন স্থানে যানজটের কারণে যাত্রাপথেও বাড়ছে ভোগান্তি।

চন্দ্রা ত্রিমোড়ে অপেক্ষমাণ যাত্রী জেরিন আক্তার বলেন, তিন দিনের ছুটি পেয়েছেন, তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছেন। কিন্তু বাস কাউন্টারে গিয়ে টিকিট পাননি। পরে বাসে উঠতে গেলে ৭০০ টাকার ভাড়ার পরিবর্তে এক হাজার টাকা চাওয়া হয়।

আরেক যাত্রী ইকলাছুর রহমান বলেন, উত্তরবঙ্গের মানুষের জন্য ঘরে ফেরার সময় বাসভাড়া সবসময়ই বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তার অভিযোগ, যাত্রীদের চাপ বাড়তেই ৫০০ টাকার ভাড়া বাড়িয়ে ৮০০ টাকা নেওয়া হচ্ছে।

তবে চন্দ্রা এলাকার শাহ ফাতেহ আলী পরিবহনের কাউন্টার মালিক ইলিয়াস হোসেন বলেন, পরিবহনের তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি হওয়ায় সংকট তৈরি হয়েছে। তার দাবি, অতিরিক্ত যাত্রীর চাপে অনেক বাস কাউন্টারের নিয়ন্ত্রণের বাইরে থেকে যাত্রী তুলছে, যার প্রভাব ভাড়ার ওপরও পড়ছে।

এদিকে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর হোসেন বলেন, ভোর থেকেই মহাসড়কে যাত্রীদের চাপ বেড়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়েও পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।



সময়ের আলো/কেএইচ

  বিষয়:   সময়ের আলো  সারাদেশ  ছুটি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: