গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাল দলিল তৈরির অভিযোগে দুই দলিল লেখককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন এই দুই দলিল লেখককে সাময়িক বহিষ্কার করেন।
বহিষ্কৃত দুই দলিল লেখক হলেন, উপজেলার বংকুরা গ্রামের মৃত নেহাল উদ্দিন শেখের ছেলে নাসির উদ্দিন শেখ এবং কাঠি গ্রামের মৃত শহীদুল শরীফের ছেলে মিজানুর রহমান বুলবুল শরীফ।
একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাব-রেজিস্ট্রার তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী একাধিক ব্যক্তি ওই দুই দলিল লেখকের স্থায়ী বহিষ্কার দাবি করেছেন।
জানা যায়, সম্প্রতি কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার অফিসে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলসহ কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে জাল দলিল তৈরির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন তদন্ত শুরু করেন এবং প্রাথমিক সত্যতা পেয়ে তাদের সাময়িক বহিষ্কার করেন।
বহিষ্কৃত দলিল লেখক মিজানুর রহমান বুলবুল বলেন, গত ১৫ জুলাই উনশিয়া গ্রামের মৃত ফহম মিয়ার স্ত্রী আমেনা বেগম দলিল ও পর্চার কাগজ নিয়ে আমার কাছে আসেন। নিয়ম মেনে আমি সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেনের কাছে কাগজপত্র জমা দিলে তিনি তা যাচাই করে দলিল রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে জানতে পারি আমেনা বেগম জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিস্ট্রি করিয়েছেন। এ ঘটনায় আমাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমি নোটিশের লিখিত জবাব দিয়েছি।
আরেক বহিষ্কৃত দলিল লেখক নাসির উদ্দিন শেখ বলেন, কয়েক দিন আগে একটি দলিল রেজিস্ট্রি করার জন্য আমি সাব-রেজিস্ট্রারের কাছে কাগজপত্র জমা দিই। কাগজপত্র সঠিক নয় দাবি করে তিনি জাল দলিলের অভিযোগে আমাকে সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর নোটিশ দেন। আমি ইতোমধ্যে নোটিশের লিখিত জবাব দিয়েছি।
এ ঘটনার বিষয়ে জানতে আমেনা বেগমের বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি ও কয়েকজন দলিল লেখক জানান, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কয়েকজন দলিল লেখক দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র দিয়ে জাল দলিল তৈরি করে আসছেন। এর সঙ্গে অফিসের একটি চক্রও জড়িত। এই চক্রের প্রতারণার শিকার হচ্ছেন শত শত সাধারণ মানুষ। তাই তাদের বিরুদ্ধে স্থায়ী ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন, দলিল নিবন্ধনের সময় জাল কাগজপত্র উপস্থাপনের অভিযোগে মিজানুর রহমান বুলবুল ও নাসির উদ্দিন শেখকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন স্থায়ী ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা সন্তোষজনক জবাব দিতে না পারলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই