শরীয়তপুরে জুলাই যোদ্ধাকে মারধরের পর অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ

শরীয়তপুর সংবাদদাতা

সারাদেশ

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সাবেক নেতাকে মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিএনপির

2026-08-05T23:51:55+00:00
2026-08-05T23:51:55+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
শরীয়তপুরে জুলাই যোদ্ধাকে মারধরের পর অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ
শরীয়তপুর সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:৫১ পিএম 
ছবি : সংগৃহীত
শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সাবেক নেতাকে মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপি নেতাদের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে সমালোচনা করায় তারা এর প্রতিবাদ করেছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন আদর এবং তাঁদের কয়েকজন সহযোদ্ধা অনুষ্ঠানে যোগ দিতে আসেন।

ইমরান আল নাজিরের অভিযোগ, অডিটোরিয়ামে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। তাঁকে ও জাকির হোসেন আদরকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারার পাশাপাশি ঘাড় ধরে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

তিনি বলেন, ‘জেলা প্রশাসকের আমন্ত্রণে আমরা অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। কিন্তু ঢুকতেই আমাদের ওপর হামলা করা হয়। বিএনপি নেতারা বোঝাতে চাচ্ছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শরীয়তপুরে কোনো আন্দোলন হয়নি। অথচ জাজিরার নাওডোবা, সখিপুরসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এবং অনেকে আহত হয়েছেন। এসব ঘটনা তারা অস্বীকার করতে চাইছেন।’


অন্যদিকে, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোরর্শেদ টিপু অভিযোগ অস্বীকার করে বলেন, ইমরান আল নাজির ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক লেখা প্রকাশ করছেন। অনুষ্ঠানেও তারা একই ধরনের মন্তব্য করায় বিএনপির নেতা-কর্মীরা এর প্রতিবাদ করেছেন।

এ ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ‘অনুষ্ঠান চলাকালে কোনো ধরনের হট্টগোল আমার নজরে আসেনি। অনুষ্ঠান শুরুর আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে, বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো যাবে।’

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   শরীয়তপুর  জুলাই যোদ্ধা  মারধর  অনুষ্ঠান  অভিযোগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: