সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা প্রদান ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
৪ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
একই সঙ্গে তদন্ত কর্মকর্তার করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত এবং মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক রেখে এবং পিপার স্প্রে ছিটিয়ে তাকে রাজনৈতিক সমাবেশে যোগ দিতে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি জগলুল পাশা।
জগলুল পাশাসহ ১১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে দায়েরকৃত মামলার এজাহারে বলা হয়, তারা গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে অবস্থান নিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি, বিএনপি নেতাকর্মীদের মারধর এবং আতঙ্কের পরিবেশ তৈরি করেন।
পরদিন সমাবেশে যাওয়ার সময় বালুভর্তি ট্রাক ও অন্যান্য যানবাহন দিয়ে রাস্তা অবরুদ্ধ করে খালেদা জিয়াকে বাধা দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
সময়ের আলো/এমকে